প্রিন্ট এর তারিখ : ২৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ শুরু
||
শফিকুল ইসলাম,জেলা করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ শুরু হয়েছে।দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে রবিবার ২৪ শে মে সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ।এসময় তিনি বলেন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের পক্ষ থেকে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।ভিজিএফ কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তা প্রদান করা হচ্ছে, যাতে তারা সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন। তিনি আরও বলেন বিতরণ কার্যক্রম সুষ্ঠু,শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করছেন।এদিকে উপকারভোগীরা নির্বিঘ্নে চাল গ্রহণ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন অর-রশীদ, স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) গোলাম ফারুক,ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোহরুল ইসলাম,পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ এনামুল হক,সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ খানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। পৌর কর্তৃপক্ষ জানায়,পৌরসভার ১৫টি ওয়ার্ডে মোট ৪ হাজার ৬২৫ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।রবিবার শুরু হওয়া এ কার্যক্রম সোমবার পর্যন্ত চলবে।পরিশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সভার কার্যক্রম মুলতবি করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত