প্রিন্ট এর তারিখ : ২০ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬
অবৈধ টিকিট বিক্রি ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা
||
মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি। রংপুর মহানগরীর সড়ক নিরাপত্তা জোরদার,যানজট নিরসন এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রংপুর মহানগর সড়ক নিরাপত্তা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার ১৯ ই মে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন আরপিএমপি'র পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।এসময় আরপিএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তা,বিআরটিএ,ফায়ার সার্ভিস,র্যাব-১৩,রংপুর সিটি কর্পোরেশন,স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় মহানগরীর সড়ক ব্যবস্থাপনা,যানবাহন নিয়ন্ত্রণ ও যাত্রীসেবার বিভিন্ন সমস্যা ও অনিয়ম নিয়ে আলোচনা করা হয়।বাস মালিক সমিতির নেতারা সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর নজরদারির দাবি জানান।একই সাথে মডার্ন মোড় এলাকায় চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।বিআরটিএ'র প্রতিনিধিরা অভিযোগ করেন, তাদের বাস বিভিন্ন স্থানে জিম্মি করে রাখা হচ্ছে এবং সাধারণ যাত্রীদের বাসে উঠতে বাধা দেওয়া হচ্ছে।অন্যদিকে এসআর ট্রাভেলসের প্রতিনিধিরা জানান নির্ধারিত কাউন্টারের বাইরে অবৈধভাবে টিকিট বিক্রির কারণে পরিবহন ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।সভায় উত্থাপিত অভিযোগ ও মতামত শোনার পর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।তিনি বলেন আসন্ন ঈদকে কেন্দ্র করে সড়ক ও টার্মিনাল এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, হয়রানি কিংবা যাত্রীদের সাথে অসদাচরণ বরদাশত করা হবে না।নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরও বলেন রংপুর মহানগরীকে যানজটমুক্ত,নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থা,পরিবহন মালিক-শ্রমিক এবং নগরবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত