প্রিন্ট এর তারিখ : ১৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬
রংপুরে গভীর রাতে অগ্নিকান্ড,ব্যবসায়ীদের কান্নায় ভারী "বাবুর হাট"
||
আব্দুল কাহার সিদ্দিকী,জেলা করেসপন্ডেন্ট,রংপুর। রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের জানপুর মৌজার আরাজী বাবুর হাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৯ থেকে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।আজ বুধবার ১৫ ই এপ্রিল রাত আনুমানিক ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়,আগুন লাগার পর মুহূর্তেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।এতে মুদিখানা, কাপড় ও ঔষধের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।ভুক্তভোগীরা আগুন দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে সবকিছু আগুনে পুড়ে যায়।পরে রাত আনুমানিক ৪টার দিকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে এর আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পুষ্প রায় জানান আমার কাপড়ের দোকানে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল ছিল,সব আগুনে পুড়ে গেছে।ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম এখন আমি একেবারে নিঃস্ব। অন্য এক ব্যবসায়ী দুলাল চন্দ্র বলেন কষ্ট করে ছোট দোকান চালাতাম। আজ সব শেষ হয়ে গেল।এখন পরিবার-পরিজন নিয়ে কীভাবে চলবো বুঝতে পারছি না।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত অন্যান্য ব্যবসায়ীরাও জানান হঠাৎ আগুনে তারা সর্বস্ব হারিয়ে পথে বসেছেন।তারা সরকারের কাছে দ্রুত আর্থিক সহায়তা কামনা করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির সভাপতি মাসুদ রানা বলেন আমরা সদর উপজেলা বিএনপির পরিবার সার্বোক্ষনিক জনগণের পাশে আছি।এটি সবচেয়ে বেদনাদায়ক ঘটনা।আমরা নিজস্ব তহবিলের পাশাপাশি সরকারিভাবে সহযোগিতার আশ্বাস দিচ্ছি।বিএনপির সদর উপজেলার সাধারণ সম্পাদক ও মমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থি মোঃ আমজাদ হোসেন বলেন এটি একটি দুঃখজনক ঘটনা।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার পাশাপাশি সরকারি সহায়তা নিশ্চিত করার চেষ্টা করা হবে।ঘটনা স্থলে রংপুর সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারি কমিশনার ভুমি দুলাল হোসেন ও পি আই ও মমিনুল ইসলাম অগ্নিদগ্ধ দোকান পাট পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রি প্রদান করেন এবং ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত